নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ২০ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে পৃথক অভিযান ও গ্রেফতারি পরোয়ানা তামিলের মাধ্যমে মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র, মাদক, চুরি ও সিআর পরোয়ানাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
র্যাব-১১ এর অভিযানে একটি বিদেশি সচল পিস্তলসহ সজীব ভূইয়া ওরফে সোর্স বাবু (৩৩) গ্রেফতার হন। তিনি পঞ্চগড় সদর থানার বোয়ালমারি, অমরখানা এলাকার দুলাল ভূইয়ার ছেলে। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জের জালকুড়ি (মাইজপাড়া, নুর আলী সরদারের বাড়ি) এলাকায় বসবাস করতেন।
একই অভিযানে তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়। এছাড়া ৪০ পিস ইয়াবাসহ জালকুড়ি নাইতাপাড়ার মো. নুরু মিয়া (৪৮), ২৫ পুড়িয়া হেরোইনসহ আজিবপুর বাগানবাড়ীর মো. মুসা (৩৮), ২০ পিস ইয়াবাসহ আড়াইহাজারের আতাদি এলাকার মো. রনি (২৬) এবং ১০০ পুড়িয়া হেরোইনসহ শিমুলপাড়া বিহারী কলোনীর মো. রাসেল মিয়া (২৩) ও মো. নাজিম উদ্দিন (২৭)কে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া পূর্বের একটি চুরি মামলায় ৩ জন এবং সিআর পরোয়ানামূলে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মোট ১০ জনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান চলমান থাকবে।
বিশেষ প্রতিনিধি।। সিদ্ধিরগঞ্জ।। নারায়ণগঞ্জ। 








